বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন ইতিহাস গড়েছে নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রায় চার দশকের ইতিহাসে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ৩৯তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে সিনেমাটি।
আগামী ২৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। বাংলাদেশ, ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি টোকিওর আগে ভেনিস ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্পের কেন্দ্রে রয়েছেন ঢাকার এক হবু কনে। বিয়ের প্রস্তুতির পাশাপাশি সৌন্দর্যচর্চা এবং পরিবার ও সমাজের প্রত্যাশার মধ্য দিয়ে তার শারীরিক ও মানসিক টানাপড়েন সামনে আসে।
বাস্তবতার সঙ্গে স্বপ্ন, ভয়, স্মৃতি ও অলৌকিক উপাদানের মিশেলে গল্পটি এগিয়েছে। একই সঙ্গে নারীর ইচ্ছা, শরীর ও সৌন্দর্যবোধের পাশাপাশি বিয়েকে ঘিরে সমাজে প্রচলিত বিভিন্ন রীতিনীতি সিনেমাটির গল্পে উঠে এসেছে।
এর আগে রুবাইয়াত হোসেনের নির্মিত চলচ্চিত্রগুলোও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। এবার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে নতুন একটি মাইলফলক স্পর্শ করল।
মন্তব্যসমূহ