গাজীপুরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে মোট ৯টি ইউনিট কাজ করেছে। তবে পুরোপুরি নির্বাপণের কাজ এখনো চলছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে সাততলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক ছালেহ উদ্দিন জানান, মেট্টিক্স গার্মেন্টসের গুদামে আগুনের খবর পাওয়ার পর প্রথমে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা, আকৃতি ও প্রকৃতি বিবেচনায় পরে আরও ইউনিটের সহায়তা চাওয়া হয়। পর্যায়ক্রমে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুন ছড়িয়ে পড়ার পর ভবনের ছাদে বেশ কয়েকজন আটকা পড়েন। তাদের উদ্ধারে সুউচ্চ ভবনে উদ্ধারকাজে ব্যবহৃত ফায়ার সার্ভিসের বিশেষ গাড়ি ঘটনাস্থলে নেওয়া হয়।
উদ্ধার হওয়া মানুষের সংখ্যা নিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তার দেওয়া তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, আগুনের ধোঁয়ার মধ্যে এ পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে উপপরিচালক ছালেহ উদ্দিন জানিয়েছেন, ভবনের ভেতর ও ছাদ থেকে মোট ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে।
সাইদুল আলম চৌধুরীর তথ্য অনুযায়ী, আগুন লাগার পর প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুনের মাত্রা বাড়লে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অভিযানে যুক্ত হয়।
তিনি জানান, ঘটনাস্থলের আশপাশে পুকুর বা পানির অন্য কোনো উৎস না থাকা এবং কারখানায় নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
আগুনে কেউ হতাহত হয়েছেন কি না, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারখানায় কোনো ত্রুটি ছিল কি না—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর বিস্তারিত খোঁজ নিয়ে এসব তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মন্তব্যসমূহ