টনি ক্রুস অবসর নেওয়ার দুই বছর পেরিয়ে গেলেও রিয়াল মাদ্রিদের মাঝমাঠে তাঁর শূন্যতা পূরণ হয়নি বলে মনে করেন দাভিদে আনচেলত্তি। রিয়ালের সাবেক সহকারী কোচের মতে, জার্মান এই মিডফিল্ডারের মতো একজন খেলোয়াড় খুঁজে পাওয়া সহজ নয়।
‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে দাভিদে জানান, ক্রুস ও লুকা মদরিচ একসঙ্গে থাকায় রিয়ালের মাঝমাঠে ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল বেশি। বিশেষ করে প্রতিপক্ষের রক্ষণভাগে কোনো খেলোয়াড় দৌড়ে জায়গা তৈরি করলে সঠিক সময়ে সেখানে বল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।
দাভিদের ভাষায়, “লম্বা পাসে খেলতে হলে এমন একজন দরকার, যে জানে কীভাবে বলটা জায়গামতো পৌঁছে দিতে হয়। শুধু আটজন খেলোয়াড়ের সামনে দৌড়ানোই ফুটবল নয়, জায়গামতো বল পৌঁছে দেওয়ার লোকও দরকার।”
ক্রুসকে ম্যাচের ‘মাস্টার’ হিসেবেও বর্ণনা করেছেন দাভিদে। তাঁর মতে, জার্মান মিডফিল্ডার ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি নিজের ছন্দে পুরো খেলা পরিচালনা করতে পারতেন। প্রতি ম্যাচে প্রায় ১১ কিলোমিটার দৌড়ানোর পাশাপাশি রক্ষণাত্মক দায়িত্বও পালন করতেন তিনি।
রিয়াল কেন ক্রুসের অভাব কাটিয়ে উঠতে পারছে না, সেটির ব্যাখ্যাও দিয়েছেন দাভিদে। তাঁর মতে, ক্রুসের হুবহু বিকল্প খোঁজার চেয়ে বর্তমানে দলে থাকা খেলোয়াড়দের সক্ষমতা কাজে লাগিয়ে নতুন ভারসাম্য তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ।
তবে ক্রুসের সম্ভাব্য বিকল্প হিসেবে বার্সেলোনার রদ্রির নাম উল্লেখ করেছেন দাভিদে। রিয়ালের মতো দলে রদ্রি মানিয়ে নিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “রদ্রি যেকোনো জায়গায় মানিয়ে নিতে পারবে। সে বিশেষ একজন খেলোয়াড়।”
মন্তব্যসমূহ