সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি দেশটির জলসীমায় এবং অন্যটি জলসীমার বাইরে গিয়ে পড়ে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর এনডিটিভির।
এর আগে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় কয়েক মাস পর প্রথমবারের মতো সতর্কতা জারি করে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ)।
সংস্থাটি জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলার হুমকি শনাক্ত করেছে। এ সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে অবস্থান করা এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়।
একই সময়ে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোবাইল বার্তার মাধ্যমে নাগরিকদের সতর্ক করে। সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় বাসিন্দাদের কাছাকাছি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এর আগে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। এরপর তেহরানকে শত্রুতা বন্ধ এবং গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানায় আবুধাবি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতও গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে। দেশটির দাবি, সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়েছে তারা।
মন্তব্যসমূহ