মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পূর্ব উপকূল থেকে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি পিয়ংইয়ংয়ের দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র পরীক্ষা।রোববার (২০ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এ তথ্য জানিয়েছে।জেসিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। প্রায় ৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করে সেটি পূর্ব সাগরে গিয়ে পড়ে।দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর প্রাথমিক ধারণা, প্রথম ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার হোয়াসং-১১ সিরিজের হতে পারে।এর প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটে একই এলাকা থেকে আরও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ৬০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে।জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও প্রথম উৎক্ষেপণটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি দেশটির একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) বাইরে গিয়ে পড়েছে।দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উৎক্ষেপণের পর থেকেই সিউল ও ওয়াশিংটনের গোয়েন্দা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে জাপানের সঙ্গেও সংশ্লিষ্ট তথ্য বিনিময় করা হয়েছে।উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ। দেশটির পক্ষ থেকে এসব উৎক্ষেপণ বন্ধের আহ্বান জানানো হয়েছে। সিউলের দাবি, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের লঙ্ঘন।জাপানও এ ঘটনায় কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম জাপানসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ।এর আগে ১২ সেপ্টেম্বরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর মধ্যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং।সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দক্ষিণ কোরিয়া ও জাপানকে নিয়ে গুয়ামের কাছে অনুষ্ঠিত নৌ মহড়ারও সমালোচনা করেছে উত্তর কোরিয়া। ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ওই মহড়া অনুষ্ঠিত হয়।