ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত তিন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। হামলায় মাঠপর্যায়ের কয়েকজন কমান্ডারসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
শনিবার (১৫ আগস্ট) ইয়েমেনের সামরিক বাহিনীর বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবা টিভি জানায়, পশ্চিম তাইজের মাকবানাহ ফ্রন্টে হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে হুথি যোদ্ধাদের সমাবেশস্থল ও যানবাহনও ছিল বলে দাবি করা হয়েছে।
সামরিক সূত্রের ভাষ্য অনুযায়ী, হামলায় তিন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন মাঠপর্যায়ের কমান্ডার রয়েছেন। তবে ইয়েমেনি সেনাবাহিনীর এসব দাবির বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দীর্ঘদিন ধরে সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে ২০২২ সালের এপ্রিলের পর বড় ধরনের লড়াই তুলনামূলকভাবে কমে এসেছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাইজের পাশাপাশি মারিব, আল-জাওফ ও আল-দালিয়াসহ কয়েকটি এলাকায় আবারও সংঘর্ষ বেড়েছে।
হুথিরা ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সমর্থন দিয়ে আসছে। ইরান হুথিদের সমর্থন দেয় বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।
দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে ইয়েমেন বর্তমানে গুরুতর মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে। এর মধ্যেই নতুন করে বিভিন্ন ফ্রন্টে সংঘর্ষ বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্যসমূহ