সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের পর সেটি সৌদি আরবে জরুরি অবতরণ করেছে। বুধবারের এ ঘটনায় উড়োজাহাজটি থেকে একাধিক জরুরি সংকেত পাঠানো হয়। পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে যাত্রা করেছিল। জর্ডানের আকাশসীমায় থাকার সময় উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের দিকে নেওয়া হয়। প্রথমে সাধারণ জরুরি সংকেত পাঠানো হয়। কয়েক মিনিট পর আরেকটি সংকেতে উড়োজাহাজে সম্ভাব্য ‘বেআইনি হস্তক্ষেপের’ ইঙ্গিত পাওয়া যায়।
পরে উড়োজাহাজটি উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে প্রায় ১৫০ জন ইসরায়েলি যাত্রী ছিলেন বলে রয়টার্স জানিয়েছে। বিমান সংস্থা ফ্লাইদুবাই জানিয়েছে, উড়োজাহাজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং সেটিকে তাবুকে সরিয়ে নেওয়া হয়। সব যাত্রী নিরাপদে রয়েছেন বলেও জানায় প্রতিষ্ঠানটি।
একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুই পাইলটের মধ্যে শারীরিক সংঘর্ষের পর জরুরি সংকেত পাঠানো হয়। তবে সংকেতগুলো ইচ্ছাকৃতভাবে পাঠানো হয়েছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে বিমান ছিনতাই হিসেবে দেখা হচ্ছে না।
তবে ঘটনার প্রকৃতি নিয়ে পরে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আরও গুরুতর আশঙ্কার কথা উঠে আসে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সরকার ঘটনাটিকে একজন পাইলটের সম্ভাব্য সন্ত্রাসী হামলার চেষ্টা হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে ঘটনাটি নিয়ে তদন্ত ও নিরাপত্তা মূল্যায়ন চলছে।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি মাঝপথে গন্তব্য পরিবর্তন করে তাবুকের দিকে যায়। ঘটনাটি দ্রুত অবতরণের মাধ্যমে শেষ হলেও উড়োজাহাজের গতিপথ ও জরুরি সংকেতের কারণে বিষয়টি নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের মধ্যে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়।
ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সৌদি আরব থেকে ইসরায়েলি যাত্রীদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
দুবাই-তেল আবিব রুটটি ফ্লাইদুবাইয়ের নিয়মিত আন্তর্জাতিক রুটগুলোর একটি। এর আগে একই রুটের একটি ফ্লাইটও সৌদি আরবে জরুরি পরিস্থিতির কারণে অবতরণ করেছিল।
সূত্র : রয়টার্স
মন্তব্যসমূহ