মেনুর বাকি
সংবাদ
অর্থ ও জীবন
বিশেষ
বিশেষ আয়োজন
বাংলা ভিউজ
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করছে সৌদি আরব। তবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে ভবিষ্যতে ইয়েমেনের শান্তি প্রক্রিয়া ও মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে, এমন আশঙ্কায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ছয়জন ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে রিয়াদ এই উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এক দশকের বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধ নতুন করে তীব্র আকার ধারণ করার পর হুথি বিদ্রোহীরা প্রায় প্রতিদিনই সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বর্তমানে হুথিদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এর মধ্যে রয়েছে গোষ্ঠীটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা এবং তাদের ১২ জন শীর্ষ কমান্ডারের সম্পদ জব্দের পদক্ষেপ। এছাড়া হুথিদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকেও (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইইউ। তবে ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের সর্বসম্মত সিদ্ধান্ত প্রয়োজন হওয়ায় এখন পর্যন্ত হুথি গোষ্ঠীকে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেনি ব্লকটি। যদিও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডাসহ কয়েকটি পশ্চিমা দেশ ইতোমধ্যেই হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা। এরপর থেকে গোষ্ঠীটির বিরুদ্ধে ইয়েমেনের স্বীকৃত সরকারের পক্ষে এক দশকেরও বেশি সময় ধরে সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব। সূত্র: বার্তা সংস্থা রয়টার্স।