ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশে দায়িত্ব পালনরত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অঞ্চলটির কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন অগ্রাধিকার এবং পারস্পরিক কূটনৈতিক সমন্বয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সম্মেলনে অংশ নেওয়ার কথা জানান।
রুবিও বলেন, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানে দায়িত্ব পালনরত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত।
অন্যদিকে, সার্জিও গোরও সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের মার্কিন রাষ্ট্রদূতদের ভারতে একসঙ্গে পাওয়ার বিষয়টি উল্লেখ করেন। বৈঠকে আঞ্চলিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম ও সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সার্জিও গোর ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ মিউজিয়ামও ঘুরে দেখেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সফরের ছবি প্রকাশ করে তিনি সেখানে পাওয়া অভিজ্ঞতার কথা জানান।
ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর সার্জিও গোর দেশটির বিভিন্ন অঞ্চল সফর করেছেন। এর আগে তিনি জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এবং লাদাখের লেহ সফর করেন।
এ ছাড়া রাজস্থান সফরের সময় ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস ২০২৬’ এবং বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’র দ্বিতীয় সংস্করণও পরিদর্শন করেন গোর। দুই দেশের সামরিক বাহিনীর যৌথ প্রশিক্ষণকে তিনি প্রতিরক্ষা সহযোগিতা, প্রস্তুতি ও আন্তঃকার্যক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
মন্তব্যসমূহ