গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, গত দুই দশকে বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে শিক্ষা ব্যবস্থা আগের অবস্থান ধরে রাখতে পারেনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের সরকারি কাউখালী কলেজের অডিটোরিয়ামে একাদশ ও দ্বাদশ শ্রেণির ২৪০ শিক্ষার্থীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দায়িত্ব শুধু সরকারের নয়, দেশের প্রতিটি নাগরিকের। তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের দায়িত্ব সবচেয়ে বেশি বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করতে হবে। ভালো মানুষ হতে হলে দেশপ্রেম ও দেশের প্রতি দায়িত্ববোধ থাকা জরুরি। প্রতিটি শিক্ষার্থীকে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য প্রস্তুত হতে হবে।
আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, অটোপাসের মাধ্যমে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন শিক্ষার মান পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল নয়, জীবনে ভালো মানুষ হওয়ার লক্ষ্যও রাখতে হবে। একই সঙ্গে দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ। পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
এ ছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ