ছাত্র-জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কেন্দ্রের অনুমতি বাধ্যতামূলক বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের জামায়াতে যুক্ত করার বিষয়ে কেন্দ্রের অনুমোদন প্রয়োজন হবে। তাদের রাজনীতিতে ফেরার সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। এ জন্য দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত যথাযথ অনুশোচনা বা দুঃখ প্রকাশ করা হয়নি। বরং বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
জামায়াত আমির বলেন, রাজনীতি একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র। এখানে মাস্তানি কিংবা সন্ত্রাসী মানসিকতার কোনো ব্যক্তির স্থান থাকা উচিত নয়।
গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
মতবিনিময় সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। তারা জেলার বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের পরিস্থিতি এবং রাজনৈতিক ও সামাজিক নানা বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বাগেরহাট থেকে নির্বাচিত তিন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।