দেশের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে সরকার স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোগীর চাপ বেশি এমন হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারভেনশনাল পালমোনোলজি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক রোগী যেসব হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেসব প্রতিষ্ঠানে সেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় বরাদ্দ বাড়ানোর বিষয়েও সরকার কাজ করছে।
কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উপজেলা পর্যায়েই রোগীদের ডায়ালাইসিস সেবা পাওয়ার সুযোগ বাড়ানোর লক্ষ্য রয়েছে।
চিকিৎসকদের পেশাগত দক্ষতা বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তির পাশাপাশি দক্ষ জনবল তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাসেবা প্রসঙ্গে তিনি জানান, হাসপাতালটিতে আইসিইউ সেবা সম্প্রসারণ করে নতুন করে ৪০টি শয্যা যুক্ত করা হয়েছে। নতুন রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার সুবিধা গুরুতর শ্বাসতন্ত্রের রোগীদের চিকিৎসায় হাসপাতালটির সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভুইয়াঁ।
এ সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।