হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার পর পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে সিলেটে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। তবে সিলেটে যাওয়ার পথে গোলাপগঞ্জ এলাকায় তাঁদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এনসিপির দাবি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলায় জড়িত ছিলেন। হামলার সময় তাঁদের পক্ষ থেকে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ করেছে দলটি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, গোলাপগঞ্জে তাঁদের গাড়িতে হামলা চালানো হয়েছে। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং কয়েকজন আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
সারজিস আলমের ভাষ্য, হামলাকারীরা চাপাতি, রড ও ইট ব্যবহার করে একটি গাড়ির তিনটি কাচ ভাঙচুর করেছেন।
এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজেও ক্ষতিগ্রস্ত একটি গাড়ির ভিডিও প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়, গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সিলেটে ফেরার পথে সারজিস আলমের গাড়িতে হামলা চালানো হয়েছে।
তবে এ অভিযোগের বিষয়ে বিএনপি, যুবদল বা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।