ফ্যাসিস্ট চরিত্র ফিরলে রুখে দাঁড়াবে জনগণ: চরমোনাই পীর
দেশে আবারও ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি হলে তা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট সমবায় মার্কেট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে দেশের মানুষ জীবন দেওয়ার মানসিকতা তৈরি করেছে। দেশে আবার অশান্তির পরিস্থিতি তৈরি হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি ও দেশের ভবিষ্যৎ নিয়ে জনগণকে সচেতন হতে হবে। একই সঙ্গে অন্যায়, অনিয়ম ও অশান্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
চরমোনাই পীর আরও বলেন, ইসলামের নীতি ও আদর্শ ছাড়া অন্য কোনো নীতিতে দেশে স্থায়ী শান্তি আসেনি, ভবিষ্যতেও আসবে না। শান্তি প্রতিষ্ঠায় ইসলামী নীতি-আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।
সমাবেশে রাজারহাট উপজেলার মানুষের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন সময়ে জনগণ বিভিন্ন দল ও প্রার্থীকে ভোট দিয়েছেন। এবার ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি তিনজন চেয়ারম্যান প্রার্থীর হাতে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক তুলে দেন।
তিনি বলেন, এবার ইসলামের পক্ষে চেয়ারম্যান প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুল ওয়াহেদ। এতে দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।