রাজধানীর মহাখালীতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) অনুষ্ঠিত এক বৈজ্ঞানিক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অন্তঃসত্ত্বা মায়েদের অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন থেকে বিরত থাকতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, শিশুদের অপুষ্টি ও শালদুধ গ্রহণ না করার প্রভাবেই বর্তমানে হামাসহ বিভিন্ন রোগে মৃতুর হার বৃদ্ধি পাচ্ছে। শিশু জন্মের পর শালদুধের অভাব এবং সুষম পুষ্টির অনুপস্থিতি এ পরিস্থিতির মূল কারণ বলে তিনি উল্লেখ করেন। তাই পরিবার এবং স্বাস্থ্যকর্মীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
সাধারণ মানুষের জন্য চিকিৎসকদের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে মন্ত্রী বলেন, চিকিৎসকদের আন্তরিকতা ও মানবিক আচরণ অনেক সময় রোগীর মানসিক সুস্থতায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি বলেন, আল্লাহ চিকিৎসকদের বিশেষ মেধা ও যোগ্যতা প্রদান করেছেন।
মন্ত্রী আরও বলেন, যক্ষ্মা রোগীর সংখ্যা ক্রমবর্ধমান হওয়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকদের সহযোগিতা অত্যন্ত জরুরি। ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের নিয়মিত প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
তিনি জানান, আগামী দিনে উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস যন্ত্র বিতরণ করা হবে এবং ফিজিওথেরাপি সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা রোগীদের জন্য বয়ে আনবে সাশ্রয়ী সেবা।
স্বাস্থ্যের অগ্রগতি ও জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য মন্ত্রী সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সূত্র: ইত্তেফাক