রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।
রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম পরে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
রাষ্ট্রপতি বলেন, স্থানীয় সরকার গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। জনগণের কাছে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
তিনি জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় ও সতর্ক থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে অতীতের দুর্নীতি ও অনিয়মের প্রভাব কাটিয়ে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।
সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকরা তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
রাষ্ট্রপতি তাদের দাবি ও সমস্যাগুলো বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, সরকার জনগণের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে আগ্রহী। ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘ সময়ের রাজনৈতিক আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের ভূমিকার কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি।
তিনি জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কার্যক্রমে গতি বাড়ানো, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবার মান উন্নত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
রাষ্ট্রপতি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যত বেশি কার্যকর হবে, ততই জনগণের অংশগ্রহণ বাড়বে এবং গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে।