‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর আগামী ৬ আগস্ট আদেশ দেবেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন নির্ধারণ করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আবেদনকারী আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্রসচিব এবং আইনসচিবকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়, পুরুষ নির্যাতন প্রতিরোধে পৃথক আইন প্রণয়ন করা হলে আইনের সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা আরও জোরদার হবে। একই সঙ্গে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং যৌতুক আইনের সম্ভাব্য অপব্যবহারের কারণে পুরুষদের হয়রানির ঝুঁকিও কমবে বলে দাবি করা হয়েছে।
রিটে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষা দিতে নতুন আইন প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল চাওয়া হয়েছে।
এ ছাড়া ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল জারির আবেদন জানানো হয়েছে।