শারীরিক বা অন্য কোনো সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়েশা আক্তারকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনা বিকাশে পরিবার, বিদ্যালয়, সমাজ এবং রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও আত্মবিশ্বাস শিক্ষার্থীদের সাফল্যের প্রধান ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করলে একজন শিশু ভবিষ্যতে চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ব্যক্তি হতে পারে।
দুই হাত ছাড়াই পা দিয়ে লিখে পড়াশোনা শেষ করা আয়েশার জীবনসংগ্রামের প্রশংসা করে ববি হাজ্জাজ বলেন, দৃঢ় মনোবল থাকলে প্রতিকূল পরিস্থিতিও জয় করা সম্ভব। তবে এমন সাফল্য যেন বিচ্ছিন্ন ঘটনা হয়ে না থাকে, সেজন্য সব শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আয়েশাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন। এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বুটেক্সের উপাচার্যের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।