সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
মারা যাওয়া দুই শিশুর বয়সই পাঁচ মাস। তারা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের একজন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এবং অন্যজন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে আরও ৭১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে হাম ও রুবেলায় আক্রান্ত ৫৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২২৭ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৬ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১০৩ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা ১০৭ জন।
নতুন করে পরীক্ষায় কোনো রোগী শনাক্ত না হলেও হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।