জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যবসা ও শিল্প পরিচালনায় পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা, বায়ুদূষণ কমানো এবং কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব প্রযুক্তি ও উৎপাদনব্যবস্থার ব্যবহার বাড়াতে হবে।
নির্মাণ খাতে প্রচলিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। শেখ ফরিদুল ইসলাম বলেন, ব্লকশিল্প সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।
তিনি বলেন, নির্মাণ খাতের চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ওপর চাপ কমানো জরুরি। এ জন্য সরকারি প্রকৌশল দপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, উৎপাদক ও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
প্রতিমন্ত্রীর মতে, শুধু সরকারি উদ্যোগ দিয়ে টেকসই নির্মাণব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। বেসরকারি খাত ও ব্যবসায়ীদেরও পরিবেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদি পরিবেশগত প্রভাব বিবেচনায় নেওয়া প্রয়োজন। নতুন শিল্প ও ব্যবসায়িক কার্যক্রমে দূষণ কমানো এবং সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং করণীয় নিয়েও আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। এতে বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন।