প্রায় ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে নাটোর হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুনরায় নিয়মিত বাস চলাচল শুরু হয়।
পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাজশাহী-নাটোর রুটে বাস চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি আরও জটিল হলে নাটোর হয়ে বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে আটকে দেওয়া হয়। স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকেরা বাসটির যাত্রীদের নামিয়ে অন্য একটি বাসে তুলে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেন।
পরে আটক বাসটি ছেড়ে দেওয়া হলেও ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ঢাকা, রংপুরসহ নাটোর হয়ে চলাচলকারী বিভিন্ন দূরপাল্লার রুটের যাত্রীরা বিপাকে পড়েন।
তবে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটমুখী কিছু বাস চলাচল স্বাভাবিক ছিল। বিরোধের শুরুর দিকে সীমিতসংখ্যক বাস নাটোর হয়ে ঢাকা ও রংপুরেও চলাচল করেছিল। পরে সেসব রুটেও বাস চলাচল বন্ধ হয়ে যায়।
দীর্ঘ সময় বাস না চলায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। শুক্রবার অনেকেই ঘণ্টার পর ঘণ্টা কাউন্টারে অপেক্ষা করে বাস না পেয়ে বাড়ি ফিরে যান। কেউ কেউ অতিরিক্ত খরচ করে বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছান।
শনিবার মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান হলে বাস চলাচল পুনরায় শুরু হয়। এতে দীর্ঘ দুর্ভোগের পর যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানিয়েছেন, আলোচনার মাধ্যমে দুই পক্ষের বিরোধের অবসান হয়েছে। এরপরই বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়।