সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে মধ্য জামগড়া এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নারী ও পুরুষটি নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসায় ভাড়া উঠেছিলেন। তারা সাধারণত ঘরের দরজা ও জানালা বন্ধ রাখতেন। শুক্রবার রাতে কক্ষটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষটি খুলে ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো কয়েক দিন আগের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পুরুষের গলায় গামছা পেঁচানো ছিল। এ কারণে তিনজনের মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, সেটিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্ত ও তদন্তের ফল পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
পুলিশ প্রাথমিকভাবে নারী ও পুরুষকে স্বামী-স্ত্রী বলে ধারণা করলেও তাদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করার কাজ চলছিল। পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট বিভিন্ন পুলিশ ইউনিট কাজ করছে।