ভারতের যেকোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপের ক্ষেত্রে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভবিষ্যতে ভারত কোনো ধরনের আগ্রাসনমূলক পদক্ষেপ নিলে পাকিস্তান আরও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে।
সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর সামা টিভির।
খাজা আসিফ দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে ভারতের যে পরাজয় হয়েছে, তা দেশটি দীর্ঘ সময় মনে রাখবে। তার ভাষায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, আফগানিস্তানে সক্রিয় ভারত-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আজাদ জম্মু ও কাশ্মীরকে ঘিরে সম্প্রতি যেসব বক্তব্য শোনা যাচ্ছে, তা পাকিস্তানি বা কাশ্মীরি অবস্থান নয়; বরং ভারতের অবস্থানের প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, যুক্তরাজ্যে অবস্থানরত কিছু ব্যক্তি এসব কর্মকাণ্ডে অর্থ ও সহায়তা দিচ্ছে এবং সেখানে ভারত-সমর্থিত গোষ্ঠীগুলোর তৎপরতাও রয়েছে।
তিনি আরও বলেন, সম্ভাব্য ‘পানি আগ্রাসন’ মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পাকিস্তানের পানির এক ফোঁটাও কাউকে নিতে দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
সূত্র: সামা টিভি