ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে নবম জাতীয় পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, বৈঠকে পে স্কেলের বিষয়টি আলোচনায় আসেনি। তবে অর্থনৈতিক সংস্কার ও নতুন ঋণ কর্মসূচিসহ অন্যান্য বিষয়ে সন্তোষজনক অগ্রগতি হয়েছে।
তিনি জানান, নতুন ঋণ কর্মসূচির আওতায় আইএমএফের দেওয়া সংস্কারমূলক শর্তগুলো একসঙ্গে বাস্তবায়ন করা হবে না। দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে এসব সংস্কার কার্যকর করবে সরকার।
সংস্কার কার্যক্রমের মধ্যে আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা, রাজস্ব ব্যবস্থার উন্নয়ন, কর আদায় বাড়ানো এবং সামষ্টিক অর্থনীতির বিভিন্ন খাতে চলমান উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আর্থিক খাত ও কর ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক অর্থনৈতিক সংস্কারে সরকারের অগ্রগতিতে আইএমএফ প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেছে।
তিনি আরও জানান, অর্থনৈতিক সংস্কার কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে আইএমএফের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নতুন ঋণ কর্মসূচি এগিয়ে নেওয়া হবে।
মন্তব্যসমূহ