চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা দেশে ১৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এ হিসাবে প্রতিদিন গড়ে এসেছে প্রায় ১১ কোটি ৪ লাখ ডলার।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১০৭ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি জুলাইয়ের প্রথম ১২ দিনে প্রবাসী আয়ের পরিমাণ ২৫ কোটি ৪০ লাখ ডলার বেড়েছে।
এর আগে গত জুনে দেশে মোট ২৮১ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স আসে। মে মাসে প্রবাসী আয় ছিল ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।
গত এপ্রিলে দেশে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। মার্চে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়।
এ ছাড়া ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স আসে।
গত বছরের ডিসেম্বরে প্রবাসীরা দেশে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার পাঠিয়েছিলেন। নভেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি জুলাইয়ের প্রথম ভাগে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ আরও বাড়তে পারে।
মন্তব্যসমূহ