বিশ্বকাপের সেমিফাইনালে আগামী ১৫ জুলাই মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। বেলজিয়ামকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে স্পেন। অন্যদিকে মরক্কোর বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স।
ইউরোপের দুই শক্তিশালী দলের এই লড়াই ঘিরে ইতোমধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ম্যাচের আগে ফ্রান্সকে উদ্দেশ করে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। তার মতে, স্পেনের ফ্রান্সকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বরং ফ্রান্সেরই স্পেনকে নিয়ে সতর্ক থাকা উচিত।
কোয়ার্টার ফাইনাল শেষে স্পেনের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, সেমিফাইনালে জায়গা করে নিতে পেরে তারা আনন্দিত। তার দাবি, টুর্নামেন্টে অন্য দলগুলোর তুলনায় স্পেন ভালো ফুটবল খেলেছে এবং যোগ্য দল হিসেবেই শেষ চারে উঠেছে।
ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগ নিয়েও ভয় পাচ্ছেন না ১৮ বছর বয়সী এই ফুটবলার। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল অলিসের মতো তারকা থাকলেও স্পেন নিজেদের সামর্থ্যে বিশ্বাসী বলে জানান তিনি।
ইয়ামাল বলেন, তাদের প্রধান লক্ষ্য বিশ্বকাপ জয়। সেই লক্ষ্য পূরণে প্রতিটি ম্যাচেই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে স্পেন। তার মতে, বর্তমান ফর্ম বিবেচনায় ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত।
সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও স্পেনের পক্ষে রয়েছে। ২০২৪ সালের ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। পরের বছর নেশন্স লিগেও ফরাসিদের বিপক্ষে জয় পেয়েছিল পেদ্রি ও ইয়ামালদের দল।
২০২৪ ইউরোতে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার রেকর্ডও গড়েছিলেন ইয়ামাল। তাই বিশ্বকাপের সেমিফাইনালেও স্পেনের আক্রমণভাগে বড় ভরসা হয়ে থাকবেন তিনি।
বিশ্বকাপের ইতিহাসে স্পেন ও ফ্রান্স এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল। ২০০৬ সালের শেষ ষোলোর সেই ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছিল ফ্রান্স।
প্রায় দুই দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। সাম্প্রতিক সাফল্য ও পুরোনো ইতিহাস মিলিয়ে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।














মন্তব্যসমূহ