হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করলে ইরানকে কঠোর ও সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
বুধবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধের চেষ্টা করে, তাহলে মার্কিন সামরিক বাহিনী পাল্টা ব্যবস্থা নেবে।
ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান খুব পরিষ্কার। জাহাজে হামলা বন্ধ হলে অবরোধ শিথিল করা হবে। কিন্তু হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্রও জবাব দেবে।
সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ইরান চাইলে নিয়ম মেনে চলতে পারে। অন্যথায় গত রাতের মতো একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন নিরাপদ রাখা জরুরি। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনী ইরানের কিছু সক্ষমতাকে লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ