নির্বাচনের আগে গ্রামের রাস্তায় বসানো হয়েছিল প্রায় ৫০টি এলইডি বাতি। কিন্তু ভোটের ফল ঘোষণার পরই সেগুলো খুলে নেওয়ার কাজ শুরু হয়। কারণ, নির্বাচনে পরাজিত হয়েছেন বাতিগুলো স্থাপনের সঙ্গে সংশ্লিষ্ট এক প্রার্থী। ভারতের রাজস্থানে এমন ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। যদিও বিদ্যুৎ বিভাগের দাবি, অবৈধ সংযোগের কারণেই বাতিগুলো অপসারণ করা হয়েছে।
ঘটনাটি রাজস্থানের টংক জেলার নিওয়াই বিধানসভা এলাকার পিপলু পঞ্চায়েত সমিতির রণোলি গ্রাম পঞ্চায়েতে। রোববার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।
স্থানীয়দের অভিযোগ, নিওয়াইয়ের বিজেপি বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পঞ্চায়েত সমিতির সদস্যপদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনের আগে কুমাড়োঁ কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা গ্রামের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে প্রায় ৫০টি এলইডি সড়কবাতি স্থাপন করা হয়।
গ্রামবাসীর দাবি, আলোক শর্মার উদ্যোগ ও প্রভাবেই বাতিগুলো লাগানো হয়েছিল। এর উদ্দেশ্য ছিল নির্বাচনের আগে ভোটারদের সমর্থন পাওয়া।
তবে নির্বাচনের ফল প্রকাশ হলে দেখা যায়, প্রিয়াঙ্কা শর্মা পরাজিত হয়েছেন। এরপরই গ্রামগুলো থেকে বাতি অপসারণের কাজ শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নির্বাচনে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় রাজনৈতিক প্রতিশোধের উদ্দেশ্যে বাতিগুলো খুলে নেওয়া হচ্ছে।
বাতি অপসারণ করতে গ্রামে আসে জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের ফল্ট রিপেয়ার টিম (এফআরটি)। গ্রামবাসীর বাধা সত্ত্বেও কুমাড়োঁ কি ধানি এলাকায় অন্তত ১০টি বৈদ্যুতিক খুঁটি থেকে বাতি খুলে ফেলা হয়।
তবে বাকি প্রায় ৪০টি বাতি সরানো সম্ভব হয়নি। স্থানীয় নবনির্বাচিত সরপঞ্চরা নিজেদের তহবিল থেকে বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাস দেওয়ার পর অপসারণ কার্যক্রম বন্ধ রাখা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগের বিপরীতে ভিন্ন বক্তব্য দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
স্থানীয় বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী ডি আর মীনের দাবি, ত্রুটি মেরামতের কাজে গিয়ে তাঁদের কর্মীরা বৈদ্যুতিক খুঁটিতে অননুমোদিত সংযোগের মাধ্যমে সড়কবাতি জ্বলতে দেখেন।
পরে বিষয়টি যাচাই করে অবৈধ সংযোগ অপসারণের উদ্যোগ নেওয়া হয়।
বাতিগুলো কীভাবে এবং কার অনুমতিতে স্থাপন করা হয়েছিল, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বোর্ড।
অন্যদিকে বিজেপি বিধায়ক রাম সহায় বর্মা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার করেছেন।
তাঁর দাবি, নির্বাচনী প্রতিশোধের উদ্দেশ্যে নয়, দীপাবলি উৎসব উপলক্ষে প্রার্থীরা নিজ উদ্যোগে এসব বাতি স্থাপন করেছিলেন।
ফলে নির্বাচনে পরাজয়ের কারণেই বাতিগুলো খুলে নেওয়া হয়েছে, নাকি অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে














মন্তব্যসমূহ