ইরানের তেল বিক্রির অনুমতি দিয়ে জারি করা সাধারণ লাইসেন্স বাতিল করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। দেশটির অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের ৭ জুলাই থেকে গত ২১ জুন জারি করা ‘জেনারেল লাইসেন্স এক্স’ বাতিল করা হয়েছে। এর পরিবর্তে নতুন ‘জেনারেল লাইসেন্স এক্স১’ কার্যকর করা হয়েছে।
চলমান উত্তেজনা কমানো ও যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পর ইরানের তেল রপ্তানির ওপর থেকে আংশিক নিষেধাজ্ঞা শিথিল করেছিল ওয়াশিংটন। এর অংশ হিসেবে গত জুনে মার্কিন ট্রেজারি বিভাগ ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা স্থগিতের বিশেষ ছাড়পত্র দেয়।
ওই ছাড়পত্রের মাধ্যমে নির্দিষ্ট শর্তে ইরানি তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রির পথ কিছুটা সহজ হয়েছিল। তবে হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক উত্তেজনার পর সেই সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো।
বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্র অগ্রহণযোগ্য হিসেবে দেখছে। ওয়াশিংটনের মতে, এ ধরনের পদক্ষেপের পরিণতি ইরানকে ভোগ করতে হবে।
গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে হামলার ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের তেল রপ্তানির ছাড় বাতিলের সিদ্ধান্ত হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বাড়াতে পারে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ