ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে খাবার বিতরণ করতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, ইরানের পবিত্র শহর কোমের একটি সড়কে বড় একটি বাকেট হাতে দাঁড়িয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বাকেটটিতে ছোট ছোট প্যাকেটে খাবার রাখা ছিল। জানাজা ও শেষ শ্রদ্ধা জানাতে আসা নারী, পুরুষ ও শিশুদের মাঝে তিনি নিজ হাতে এসব খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত সাধারণ মানুষ তাকে ঘিরে খাবার গ্রহণ করেন। তবে প্যাকেটে কী ধরনের খাবার ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় আয়োজনের অংশ হিসেবে খামেনির মরদেহ মঙ্গলবার কোমে নেওয়া হয়। এর আগে তেহরানে তার জানাজা ও শোক মিছিলে বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কোমের পর মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়ার কর্মসূচি রয়েছে। এরপর বৃহস্পতিবার ইরানের মাশহাদে তাকে দাফন করার কথা রয়েছে।
এর আগে গত ৩ জুলাই আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরানে যান নাসীরুদ্দীন পাটওয়ারী।
মন্তব্যসমূহ