প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের পাসপোর্টে থাকা স্বাক্ষর এবং লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ কর্তৃক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের মধ্যে কোনো মিল নেই। আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের মধ্যে কোনো মিল নাই। এখানে ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক স্বাক্ষর জাল করার বিষয়টি স্পষ্ট বোঝা যায়।’
ভারতে শেখ হাসিনার বর্তমান অবস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও লেখেন, ‘এ ছাড়া শেখ হাসিনার সাথে সরাসরি ফ্যাসিস্ট আ.লীগের কোনো নেতাও সাক্ষাৎ করতে পারে না। ফ্যাসিস্ট নেত্রীর সাথে সাক্ষাতের কোনো ছবিও কেউ আজ অবধি পোস্ট করেনি। বলা যায়, ফ্যাসিস্ট নেত্রী ভারতে একপ্রকার (গৃহ)বন্দী অবস্থায় রয়েছে। অন্যথায় স্বাভাবিক অবস্থায় থাকলে তিনি নিজে গিয়েই তো এনআইডি ও পাসপোর্টের আবেদন করতে পারেন।’
কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করে রাশেদ খান তাঁর পোস্টে আরও বলেন, ‘কিন্তু ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকায় কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে সেই সুযোগ দিতে পারে না। অর্থাৎ ভারতে (গৃহ)বন্দী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একমাত্র পথ বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফেরা। অর্থাৎ পাসপোর্ট ও এনআইডির আবেদনের মাধ্যমে পলিটিক্যাল স্ট্যান্টবাজি করছে এবং এভাবে প্রাসঙ্গিক থাকতে চাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আ.লীগ।’














মন্তব্যসমূহ