ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে কারাগারে যেতে হবে এবং ফুলের মালা দিয়ে বরণ করার কোনো সুযোগ নেই। আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাস নেতা সোহেল মোল্লা হত্যা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে মো. আবদুস সালাম বলেন, গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে দেশের মানুষের যে ক্ষতি করা হয়েছে, তার জবাব দিতে হবে। তিনি জনগণের কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই আহ্বায়ক অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে দেশের মানুষের মধ্যে একধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করছেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘তিনি বলছেন, দেশে আসবেন। আমরাও চাই তিনি দেশে আসুন। বাধা কোথায়? তিনি যে জায়গায় আছেন, যাওয়ার সময় তাঁর ভিসা লাগেনি, আসার সময়ও ভিসা লাগবে না। সীমান্তে চলে এলে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী তাঁকে নিয়ে এসে কারাগারে পাঠাবে। ভারতকেও তাঁকে বাংলাদেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে।’ শেখ হাসিনার উদ্দেশে তিনি আরও বলেন, দেশে আসতে চাইলে আজ সন্ধ্যায়ই চলে আসতে পারেন; তবে তাঁকে কারাগারে যেতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে।
দেশের অর্থনীতি ও মানবাধিকার পরিস্থিতির প্রসঙ্গ টেনে আবদুস সালাম বলেন, শেখ হাসিনা দেশের মানুষের ও মায়ের বুক খালি করেছেন, ব্যাংকসহ সবকিছু খালি করেছেন এবং দেশের অর্থনীতি ধ্বংস করেছেন। বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচির প্রসঙ্গে তিনি দাবি করেন, শেখ হাসিনার আহ্বানে দেশের কোথাও লকডাউন পালিত হয়নি।
সোহেল মোল্লা হত্যাকাণ্ড ও চলমান মামলার বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা আগে থেকেই খুনের মামলার আসামি এবং সোহেল মোল্লা হত্যাকাণ্ডের মামলাতেও তাঁকে হুকুমের আসামি করা হয়েছে। এ সময় টঙ্গীর সাবেক এক মন্ত্রীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ তোলেন। এ ছাড়া হত্যা ও খুনের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে রায় ঘোষণা হয়েছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তাঁকে জবাব দিতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, পুলিশ বাহিনী ও প্রশাসনকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তারেক রহমানের সরকার কারও দয়ায় নয়, বরং জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া বিভিন্ন প্রচারমাধ্যমে যারা আওয়ামী লীগের গুণগান গাইছে ও ‘আন্ডারগ্রাউন্ড পার্টির’ পক্ষে সাফাই গাইছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
আগামী ডিসেম্বর মাসজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণা করা হয়েছে জানিয়ে আবদুস সালাম অভিযোগ করেন, লুটপাটের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ভাড়া করে বোমাবাজি করানো হচ্ছে। সাহস থাকলে তিনি তাদের দেশের ভেতরে এসে প্রকাশ্যে কর্মসূচি পালনের আহ্বান জানান। বিএনপির বিরুদ্ধে অতীতে অনেক অত্যাচার-নির্যাতন হলেও দলটি কখনো আন্ডারগ্রাউন্ডে যায়নি বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা হাবিব-উন-নবী খান সোহেল, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খানসহ জাসাস, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ