বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, যাঁদের জিহ্বায় রক্তের তৃষ্ণা ও রক্তের স্বাদ রয়েছে, তাঁরা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারেন না; তাই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাঁদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় নিহত জাসাস নেতা সোহেল রানা ও কৃষকদল নেতা শাহিনুর ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার পরও পার্শ্ববর্তী দেশ থেকে অভ্যন্তরীণ অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। তিনি বলেন, এরই নির্মম শিকার হয়েছেন নড়াইলের কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম এবং এ দেশে গণতন্ত্রকামী মানুষের রক্ত এখনো ঝরানো হচ্ছে।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও শোকাহত পরিবারের সদস্যদের আশ্বাস দিয়ে রিজভী বলেন, অনেক চেষ্টা করার পরও এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেমন কেউ কেড়ে নিতে পারবে না, ঠিক তেমনি এসব হত্যাকাণ্ডের বিচার হবে এবং বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
দলীয় সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যেই কালিয়ায় পৌঁছান রুহুল কবির রিজভী। তিনি পৌর এলাকার চাঁদপুর কবরস্থানে গিয়ে নিহত কৃষকদল নেতা শাহিনুর ইসলামের কবর জিয়ারত করেন, নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।














মন্তব্যসমূহ