ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরানো, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ সংরক্ষণে আগামী ১ ডিসেম্বর (২০২৬) থেকে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ১ ডিসেম্বর সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই বিশেষ অভিযান শুরু করা হবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ ও ট্রাফিক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএমপি জানিয়েছে, অভিযানের আগেই সংশ্লিষ্ট সব যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম অপসারণ করতে মালিক ও চালকদের অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব অবৈধ সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে তা জব্দ করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীতে হাইড্রোলিক হর্নের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক এবং অতিরিক্ত শব্দের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মালিক ও চালকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, বাস ও ট্রাক ছাড়াও কিছু জিপগাড়িতে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট এবং অনেক গাড়িতে অনুমোদনহীন ডেকোরেশন ও সাইল্যান্সার ব্যবহার করা হচ্ছে, যা সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করছে। তিনি জানান, সড়ক পরিবহন বিধি অনুযায়ী কেবল জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত চার শ্রেণির যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো—অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এর বাইরে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ বাণিজ্যিক মোটরযানে উচ্চশব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক বা বিশেষ হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া সিটি করপোরেশনের নিবন্ধন কার্যক্রম শেষ হলে অটোরিকশা বা একই ধরনের যানবাহনের বিরুদ্ধেও অভিযান চলবে বলে তিনি জানান।
উল্লেখ্য, ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’-এর তফসিল-১ অনুযায়ী এলাকাভেদে শব্দের অনুমোদিত মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে (সকাল ৬টা থেকে রাত ৯টা দিন এবং রাত ৯টা থেকে সকাল ৬টা রাত হিসেবে গণ্য হবে):
নীরব এলাকা: দিনে ৫০ ডেসিবেল, রাতে ৪০ ডেসিবেল।
আবাসিক এলাকা: দিনে ৫৫ ডেসিবেল, রাতে ৪৫ ডেসিবেল।
মিশ্র এলাকা: দিনে ৬০ ডেসিবেল, রাতে ৫০ ডেসিবেল।
বাণিজ্যিক এলাকা: দিনে ৭০ ডেসিবেল, রাতে ৬০ ডেসিবেল।
শিল্প এলাকা: দিনে ৭৫ ডেসিবেল, রাতে ৭০ ডেসিবেল।
বিদ্যমান বিধিমালা অনুযায়ী, কোনো মোটরযান অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রম করলে অপরাধীদের সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এ ছাড়া হাইড্রোলিক ও মাল্টি-টোন হর্নসহ অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন আমদানি, মজুত, বিক্রি বা প্রদর্শন করলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ বিধি অনুযায়ী তীব্র, কর্কশ, আকস্মিক বা ভীতিকর শব্দের হর্ন মোটরযানে সংযোজন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।














মন্তব্যসমূহ