ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। এছাড়া ১৭ হাজার ৮৫৪ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে দেশটির রাজধানী কারাকাস ও উপকূলীয় লা গুয়ারিয়া অঞ্চলের আশপাশে। সরকারি তথ্য অনুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ৮০টি আশ্রয়কেন্দ্রে অন্তত ১২ হাজার ৮০০ মানুষ অবস্থান করছেন।
প্রাথমিক হিসাবে প্রায় ৬০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। লা গুয়ারিয়ায় নিহতদের দাফনের কাজ চলছে। অনেক এলাকায় মরদেহ উদ্ধার ও ত্রাণ বিতরণে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও মানবিক সহায়তাকর্মীরা এগিয়ে এসেছেন।
দুর্যোগের পর দেশটিতে স্বাস্থ্যঝুঁকি আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড়, বিশুদ্ধ পানির অভাব এবং পর্যাপ্ত স্যানিটেশন না থাকায় ডায়রিয়াসহ সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
কারাকাসের একটি হাসপাতালের ট্রমা ইউনিটের চিকিৎসকেরা জানিয়েছেন, ভূমিকম্পে আহত বহু মানুষের চিকিৎসা এখনো চলছে। তবে দীর্ঘ সময় ধরে দুর্যোগ পরিস্থিতিতে থাকা রোগীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।
এদিকে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ বাড়ছে। কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও অধিকারকর্মীরা।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ