বাংলাদেশের প্রবাসী আয়ের উৎস হিসেবে নতুন সম্ভাবনা তৈরি করছে অস্ট্রেলিয়া ও কানাডা। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে দেশ দুটি থেকে প্রবাসী বাংলাদেশিরা মোট ১৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি উন্নত দেশগুলো থেকেও রেমিট্যান্সের প্রবাহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অস্ট্রেলিয়াপ্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার। একই সময়ে কানাডা থেকে এসেছে ৭ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার।
এই চার মাসে বাংলাদেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার। এর মধ্যে অস্ট্রেলিয়া ও কানাডার সম্মিলিত অবদান প্রায় ১ দশমিক ৫ শতাংশ।
মাসওয়ারি হিসাবে অস্ট্রেলিয়া থেকে জুলাইয়ে এসেছে ২ কোটি ১৩ লাখ ডলার। আগস্টে এর পরিমাণ ছিল ২ কোটি ২১ লাখ ৪০ হাজার ডলার। সেপ্টেম্বরে বেড়ে দাঁড়ায় ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলারে। অক্টোবরে দেশটি থেকে এসেছে ২ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার।
অন্যদিকে, কানাডা থেকে জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১ কোটি ৭০ লাখ ৮০ হাজার ডলার। আগস্টে ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার, সেপ্টেম্বরে ২ কোটি ১০ লাখ এবং অক্টোবরে এসেছে ২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলার।
তবে দেশের প্রবাসী আয়ের প্রধান উৎস হিসেবে এখনো এগিয়ে রয়েছে সৌদি আরব। অর্থবছরের প্রথম চার মাসে দেশটি থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। আর যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।
রেমিট্যান্সের উৎস সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তাঁর মতে, বৈদেশিক মুদ্রার প্রবাহ স্থিতিশীল রাখতে নির্দিষ্ট কয়েকটি দেশের ওপর নির্ভর না করে আয়ের উৎস বাড়ানো জরুরি।
তিনি জানান, প্রবাসীদের জন্য বৈধ ব্যাংকিং ব্যবস্থায় অর্থ পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও আকর্ষণীয় করতে সরকার এবং বাংলাদেশ ব্যাংক কাজ করছে। পাশাপাশি অবৈধ হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করতেও উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, অস্ট্রেলিয়া ও কানাডায় দক্ষ বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ সম্প্রসারিত হলে এসব দেশ থেকে রেমিট্যান্স আরও বাড়তে পারে। এতে প্রবাসী আয়ের উৎসে বৈচিত্র্য আসার পাশাপাশি দীর্ঘ মেয়াদে কয়েকটি প্রচলিত শ্রমবাজারের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা কমার সম্ভাবনা রয়েছে।














মন্তব্যসমূহ