দেশের বাজারে সবশেষ ১৬ দফা সমন্বয়ের মধ্যে ১১ বারই কমেছে স্বর্ণের দাম। গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমানো হয়েছে। এর ফলে মূল্যবান এই ধাতুটি এখন দেশে চলতি বছরের সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে।
গতকাল শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাতে স্বর্ণের নতুন দরের ঘোষণা আসে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে। নতুন এই দর আজ রোববার থেকে কার্যকরের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের ৬ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের ভরি দেশের বাজারে প্রথমবার ২ লাখ টাকা ছাড়ায়। ওই মাসে একবার কমে ২৯ অক্টোবর দুই লাখ টাকার নিচে নামলেও এরপর থেকে তা ওই মাইলফলকের বেশি দরেই বিক্রি হচ্ছিল।
চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে বেড়ে দেশের বাজারে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল স্বর্ণের ভরি, যা ছিল দেশের বাজারে ধাতুটির সর্বোচ্চ দাম। এরপর থেকে দাম বাড়া-কমার মধ্য দিয়ে লেনদেন চলছে।
বাজুসের হিসাব অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ৬৫ দফা বাড়ানো, ৭৬ দফা কমানো এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।














মন্তব্যসমূহ