বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটলেও দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য ধাতুটিকে এখনো সম্ভাবনাময় মনে করছেন বিশ্লেষকরা। তাঁদের ধারণা, বাজারে অস্থিরতা কাটলে ২০২৭ সালে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে। এদিকে আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। বর্তমানে দেশে চলতি বছরের সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।
মরগান স্ট্যানলির ধাতু ও খনিশিল্পবিষয়ক কৌশল বিভাগের প্রধান অ্যামি গাওয়ার সিএনবিসির ‘স্কোয়াক বক্স ইউরোপ’ অনুষ্ঠানে বলেন, চলতি বছরের দরপতনের পরও বিনিয়োগকারীদের স্বর্ণ ধরে রাখার পক্ষে যথেষ্ট কারণ রয়েছে।
স্বর্ণের দাম বৃদ্ধিতে আগে যেসব মৌলিক বিষয় ভূমিকা রেখেছিল, সেগুলো এখনো বিদ্যমান বলে মনে করেন বিশ্লেষকরা। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিতে আকস্মিক পরিবর্তন, ভূরাজনৈতিক জোটের রদবদল এবং ইরান যুদ্ধের কারণে বাজারে অনিশ্চয়তা বেড়েছে।
স্বর্ণের ভবিষ্যৎ দাম নিয়ে আশাবাদী ফিলিপ ডিয়েলও। একসময় যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রা তৈরির প্রতিষ্ঠান ‘মিন্ট’-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে টেক্সাসের অস্টিনে ইউএস মানি রিজার্ভের প্রধান হিসেবে কাজ করছেন। প্রতিষ্ঠানটি সরকারি স্বর্ণ, রুপা ও প্লাটিনামের মুদ্রা সরবরাহ করে।
ডিয়েলের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে স্বর্ণের দাম আবার বাড়তে পারে। তাঁর মতে, তেলের দাম স্বাভাবিক পর্যায়ে ফিরলে এবং জ্বালানি ব্যয় কমলে সুদের হার স্থিতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে। এর ফলে স্বর্ণের বাজারেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা অব্যাহত
সাধারণ বিনিয়োগকারীদের একাংশ যখন নিজেদের হাতে থাকা স্বর্ণ বিক্রি করছেন, তখন বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক মূল্যবান এই ধাতুর মজুত বাড়াচ্ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পরিমাণ ছিল সবচেয়ে বেশি। তবে বছরজুড়ে মোট কেনাকাটা গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কমেছে।
ব্যানকবার্ন ক্যাপিটাল মার্কেটসের ব্যবস্থাপনা অংশীদার ও প্রধান বাজার কৌশলবিদ মার্ক চ্যান্ডলারের মতে, বিভিন্ন জরিপে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, স্বর্ণ কেনার ক্ষেত্রে শুধু চীন বা যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর দিকে নজর দিলে চলবে না। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ন্যাটোর সদস্য পোল্যান্ডও চলতি বছরের বেশির ভাগ সময় বড় ক্রেতাদের তালিকায় ছিল।
অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের একটি অংশ স্বর্ণে বিনিয়োগ করে ক্ষতির মুখে পড়েছেন। সুদের হার বেড়ে যাওয়ায় স্বর্ণ ও বিটকয়েনের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণও কমেছে।
দেশে বছরের সর্বনিম্ন দামে স্বর্ণ
আন্তর্জাতিক বাজারের দরপতনের প্রভাব পড়েছে বাংলাদেশের স্বর্ণের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে নির্ধারিত কম দামে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। এতে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে ১০ হাজার ৯৬৪ টাকা এবং রুপার দাম কমে ৩৫০ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের এই দাম চলতি বছরের মধ্যে দেশের বাজারে সর্বনিম্ন।














মন্তব্যসমূহ