সাংবাদিকদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তাঁর অ্যাকিলিস টেনডন ছিঁড়ে যাওয়ায় আগামী ছয় থেকে আট সপ্তাহ বিশেষ চিকিৎসার বুট পরে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হয়ে ফুটবল মাঠে ফিরতে প্রায় নয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।
৩৫ বছর বয়সী মামদানি শুক্রবার ক্রাচে ভর দিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন। সেখানে এক সাংবাদিক তাঁর চোটের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বৃহস্পতিবার রাতে সিটি হলের সংবাদকর্মীদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
চোটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে খেলার আগে যথাযথ প্রস্তুতি না নেওয়ার কথা স্বীকার করেন নিউইয়র্কের মেয়র। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি স্ট্রেচিং করিনি।’
ফুটবলের প্রতি নিজের আগ্রহের কথাও তুলে ধরেন মামদানি। তিনি জানান, ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন। তবে খেলতে নামার সময় নিজের বয়সের বিষয়টি মাথায় ছিল না বলে রসিকতা করে বলেন, ‘আমি ভুলে গিয়েছিলাম যে আমার বয়স ৩৫ বছর।’
ম্যাচে মামদানির দল সাংবাদিকদের দলকে হারিয়েছে বলেও জানান তিনি। তবে জয় পেলেও শেষ পর্যন্ত চোটের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে।
ব্যস্ত কর্মসূচির জন্য পরিচিত এই মেয়রকে আপাতত চিকিৎসার বুট ব্যবহার করে চলতে হবে। তাঁর অ্যাকিলিস টেনডন ছিঁড়ে যাওয়ায় সুস্থ হওয়ার প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে। চিকিৎসার বুট ব্যবহারের সময় ছয় থেকে আট সপ্তাহ হলেও ফুটবলে ফিরতে অপেক্ষা করতে হতে পারে প্রায় নয় মাস।
সূত্র: এনডিটিভি।














মন্তব্যসমূহ