সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নেতার অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে ভারতের হায়দরাবাদে মেটার কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন তেলেঙ্গানা যুব কংগ্রেসের কর্মীরা। একই ঘটনার প্রতিবাদে মুম্বাইয়েও মেটার কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছেন যুব কংগ্রেসের নেতাকর্মীরা। এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য ও সমালোচনা।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) হায়দরাবাদে এ হামলার ঘটনা ঘটে। তেলেঙ্গানা যুব কংগ্রেসের সভাপতি জাক্কিদি শিবচরণ রেড্ডির নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে ভারতীয় যুব কংগ্রেসের (আইওয়াইসি) কর্মীরা অংশ নেন। এ সময় মেটা এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা।
ঘটনার ভিডিওতে বিক্ষোভকারীদের কার্যালয়ের করিডর ও ক্যাফেটেরিয়ার আশপাশে ছোটাছুটি করতে দেখা যায়। কয়েকজনকে কার্যালয় প্রাঙ্গণের ফুলের টব ছুড়ে মারতে ও ভাঙচুর করতেও দেখা গেছে।
যুব কংগ্রেসের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক হস্তক্ষেপের অংশ হিসেবে তাদের নেতাদের অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্থগিত করা পোস্টগুলোও পুনর্বহালের দাবি জানিয়েছে সংগঠনটি।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেটাকে ‘মেরুদণ্ড শক্ত করার’ আহ্বান জানিয়েছে ভারতীয় যুব কংগ্রেস। একই সঙ্গে বিধিনিষেধ আরোপ করা অ্যাকাউন্ট ও পোস্টগুলো সাত দিনের মধ্যে পুনর্বহালের আলটিমেটাম দিয়েছে তারা। দাবি পূরণ না হলে ‘আদালতে, রাজপথে এবং কার্যালয়েও’ আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব এবং জাতীয় ইনচার্জ মনীশ শর্মার অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের ঘটনাকে কেন্দ্র করেই এই বিক্ষোভের সূত্রপাত।
এদিকে মুম্বাইয়ের বিকেসি এলাকার ওয়ার্ল্ড ওয়ান-এ মেটার কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন মুম্বাই যুব কংগ্রেসের নেতাকর্মীরা। সংগঠনটির সভাপতি জিনাত শাবরিনের নেতৃত্বে আয়োজিত ওই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পোস্টারও পোড়ানো হয়। তিনি ভারতের তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সমালোচকদের কণ্ঠরোধ করতেই মেটা এ পদক্ষেপ নিয়েছে। তাদের ভাষ্য, উদয় ভানু চিব ও মনীশ শর্মার অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা।
এ ঘটনায় মেটার সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘বিদেশি কোম্পানিগুলোর উচিত আমাদের দেশে ব্যবসা করা, রাজনীতি নয়। সবাইকে সমান চোখে দেখাই একটি ভালো ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য।’
তিনি আরও লেখেন, ‘অযথা চাপ সৃষ্টি করে বিদেশি কোম্পানিগুলোর ব্যবসাকে রাজনীতিকরণ করাও উচিত নয় সরকারের।’
অন্যদিকে, হায়দরাবাদে যুব কংগ্রেস কর্মীদের ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়েছে বিজেপি। দলটির মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসকে ‘গুন্ডাদের দল’ আখ্যা দিয়ে বলেন, ‘ভারতীয় যুব কংগ্রেসের গুন্ডারা হায়দরাবাদে মেটার কার্যালয় শুধু ভাঙচুর ও তছনছই করেনি, সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে বড়াইও করছে।
মনে করে দেখুন, বিশ্ব এআই সম্মেলনে নগ্ন হয়ে ঢুকে পড়ে তারা কীভাবে ভারতকে অপমান করেছিল।’
তিনি আরও বলেন, ‘রাহুল গান্ধীর দল কংগ্রেস একটি গুন্ডাদের দল। বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ে ভাঙচুর চালানোই কংগ্রেসের মডেল।’
একই ধরনের সমালোচনা করেছেন ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা কে টি রামা রাও। কংগ্রেস কর্মীদের ‘গুন্ডা’ আখ্যা দিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘গুন্ডামিই’ ভারতে বিদেশি কোম্পানি আনার উপায় কি না, তা রাহুল গান্ধীর কাছে জানতে চান।
রামা রাও বলেন, ‘ব্র্যান্ড হায়দরাবাদ দেশের লাখ লাখ পরিবারের অন্ন জোগায়। বহু ব্যবসাবান্ধব নীতির মাধ্যমে কয়েক দশক ধরে এটি তিল তিল করে গড়ে তোলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কংগ্রেসের গুন্ডারা ভেবেছে হায়দরাবাদে মেটার কার্যালয় ভাঙচুর করা খুব বাহাদুরির কাজ। নির্বোধেরা এখন তা নিয়ে গর্বও করছে।’














মন্তব্যসমূহ