পুলিশের ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে যোগ্য কাউকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সাদ্দাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর এ পুলিশের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই অথবা ইচ্ছা করেই তিনি নিয়ন্ত্রণ নিচ্ছেন না, অথবা আওয়ামী লীগকে তারা সুযোগ দিচ্ছে।’
গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যের বাড়িঘর এবং থানায় অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, পুলিশ দিনের বেলায় অভিযুক্তদের গ্রেপ্তার করলেও রাতে ছেড়ে দিচ্ছে।
এমনকি থানায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যক্তি পুলিশের সঙ্গে কোলাকুলি করেছেন এবং একসঙ্গে খাওয়াদাওয়ার আয়োজন করেছেন বলেও দাবি করেন শিবির সভাপতি।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। জনগণের জানমালের সুরক্ষা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সাদ্দাম হুঁশিয়ারি দেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে যোগ্য কাউকে দায়িত্ব না দিলে ভবিষ্যতে সৃষ্ট পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।
এ সময় গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রসঙ্গও তুলে ধরেন ছাত্রশিবির সভাপতি। তাঁর অভিযোগ, নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও সরকারি দল তা করেনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। অথচ নির্বাচনের পর সেই রায়কে গুরুত্ব দেওয়া হয়নি। এর মাধ্যমে প্রায় ৭০ শতাংশ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
দাবি আদায়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির ধারাবাহিক কর্মসূচি পালন করছে উল্লেখ করে সাদ্দাম জানান, সরকার তাদের দাবি পূরণ না করলে আন্দোলন আরও জোরদার করা হতে পারে।
সে ক্ষেত্রে অবরোধ, হরতাল, সচিবালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি ঘোষণার সম্ভাবনার কথাও জানান তিনি।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিলম্ব, গণহত্যার বিচারে গড়িমসি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়েও সরকারের সমালোচনা করেন শিবির সভাপতি।
তাঁর অভিযোগ, প্রশাসনের প্রয়োজনীয় পুনর্গঠন না হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের সহযোগীরা এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থান করছেন।
তবে সরকারের সব সিদ্ধান্তের বিরোধিতা করার পক্ষে নন বলেও জানান সাদ্দাম। তিনি বলেন, অন্ধভাবে বিরোধিতা করা দেশের জন্য কল্যাণকর নয়। জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধী দল সর্বোচ্চ আপত্তি জানাবে। অন্যদিকে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার উদ্যোগ নিলে সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী। সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুর গফুর।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
নবীন শিক্ষার্থীদের কোরআন, হিজাব, বই, কলম, টেবিল ক্যালেন্ডার, পরিচিতি কার্ড ও ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।














মন্তব্যসমূহ