গাজীপুরের গাছা থানাধীন বোর্ডবাজারে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংঘটিত ঘটনার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সহকারী প্রক্টর (এসও) মো. সালাহ্ উদ্দিনের লিখিত অভিযোগের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এজাহার) অনুযায়ী, গত ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে বিভিন্ন সময়ে বোর্ডবাজারস্থ জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে সংঘটিত নাশকতামূলক ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেনকে এবং দ্বিতীয় আসামি করা হয়েছে অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেনকে।
মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন—পরিচালক (ভারপ্রাপ্ত) মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মামুনুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, সেকশন অফিসার ইয়াকুব আলী, অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান নান্নু, উচ্চমান সহকারী আব্দুস সালাম, আব্দুল বাতেন, আফজাল, ফারুক পাটোয়ারী, নিম্নমান সহকারী আরিফ হোসেন খান, সহকারী পরিচালক আমির হোসেন, উপ-কলেজ পরিদর্শক হাবিবা ফাতেমা শম্পা, সহকারী রেজিস্ট্রার আব্দুল জলিল, মো. ওবায়দুল হক (হুজুর), লিফটম্যান রিপন, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার মোহা. আজিজুল হক এবং সেকশন অফিসার মো. শফিকুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাসে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। চাকরিতে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যের দপ্তর ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
এদিকে, উদ্ভূত পুরো ঘটনা সুষ্ঠুভাবে তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে এই কমিটির প্রধান করা হয়েছে।














মন্তব্যসমূহ