আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর মধ্যে রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী। গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে তিনি দাবি করেন, একই এলাকায় জামায়াতের নেতাকর্মীরা এ ধরনের হামলার শিকার হচ্ছেন না।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ‘জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ঐতিহাসিক তাৎপর্য ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
বক্তব্যে সুলতান আহমদ রাহী অভিযোগ করেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির লোকজনের বাড়িঘরে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা হামলা চালাচ্ছেন। এমনকি বিএনপির নেতাকর্মীদের হত্যার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটেনি দাবি করে তিনি দুই দলের মধ্যে যোগসাজশের অভিযোগ তোলেন।
রাহী বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী রাজাকার বাহিনী এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের মধ্যে সম্পর্ক রয়েছে বলে তিনি মনে করেন।
তার অভিযোগ, এই দুই পক্ষ একত্র হয়ে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১০০ থেকে ১৪২ জন নেতাকর্মীর প্রাণহানির দাবিও করেন তিনি। তবে এসব মৃত্যুর সময়কাল বা ঘটনার বিস্তারিত তথ্য উল্লেখ করেননি।
আলোচনা সভায় আওয়ামী লীগের পাশাপাশি ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনাও করেন ছাত্রদলের এই নেতা।
তিনি বলেন, একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় জড়িত থেকে ভারতে পালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে একটি রাজনৈতিক পক্ষ ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।
রাহী দাবি করেন, কেউ ভারতে আবার কেউ পাকিস্তানে আশ্রয় নেন। তবে বিএনপির নেতাকর্মীদের জন্য বাংলাদেশ ছাড়া অন্য কোনো ঠিকানা নেই বলে মন্তব্য করেন তিনি।
নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি দেশের জনগণের সঙ্গে থেকেই রাজনীতি করতে চায়।
এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন সুলতান আহমদ রাহী।
তিনি বলেন, জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ তুলে রাহী শেখ মুজিবুর রহমানের শাসনামলে দুর্নীতি, বৈষম্য ও তার পরিবারের সদস্যদের জীবনযাপন নিয়ে সমালোচনা করেন।
তিনি দাবি করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ে। পরবর্তী সময়ে খালেদ মোশাররফের ক্ষমতা গ্রহণ এবং অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৭ নভেম্বর সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ অবস্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান সামনে আসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফাইসুল ইসলাম ফারুকী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম রাজ্জাক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জিএম শফিউর রহমান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আতাউর রহমান এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।














মন্তব্যসমূহ