ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে আগুন বক্সের ভেতরে ছড়িয়ে না পড়ায় সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় এ ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, দুবলা এলাকায় রেলওয়ের ডাউন লাইনের সিগন্যালিং সংযোগ বক্স বা জেবি বক্সে আগুন দেওয়া হয়।
তাঁর ভাষ্য অনুযায়ী, আগুন বক্সের বাইরের অংশে সীমাবদ্ধ থাকায় ভেতরের সংযোগব্যবস্থা অক্ষত রয়েছে। ফলে রেলওয়ের সিগন্যালিং কার্যক্রমে কোনো সমস্যা তৈরি হয়নি।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থলে যান। তবে তাঁরা পৌঁছানোর সময় সেখানে আর আগুন জ্বলছিল না। বক্সের পোড়া চিহ্ন দেখে অগ্নিসংযোগের বিষয়টি বোঝা যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে বক্সটিতে আগুন ধরিয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে একই রাতে আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় বিকট শব্দ শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।














মন্তব্যসমূহ