ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। আগামী বছরের ৩ জুন নেপালের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচটির সূচি নিশ্চিত করেছে।
এমসিসির আয়োজনে নেপালের ইংল্যান্ড সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। একই দিনে লর্ডসে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের আরেকটি ম্যাচও আয়োজন করা হবে।
লর্ডসের ইতিহাসে একই দিনে একটি আন্তর্জাতিক ও একটি ঘরোয়া পুরুষদের টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের ঘটনা এটিই প্রথম। তবে ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের ম্যাচটির প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ ও নেপালের ক্রিকেটপ্রেমীদের কথা বিবেচনায় রেখে ম্যাচের সময় নির্ধারণের পরিকল্পনা করেছে আয়োজক এমসিসি। দুই দেশের দর্শকেরা যাতে নিজ নিজ দেশে সরাসরি টেলিভিশনে খেলা উপভোগ করতে পারেন, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
লর্ডসে বাংলাদেশের পুরুষ দলের প্রথম টি-টোয়েন্টি হলেও নারী দল এরই মধ্যে এই মাঠে খেলেছে। চলতি বছর আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসে মাঠে নেমেছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
এদিকে ২০২৭ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। দীর্ঘ ১৭ বছর পর ঐতিহাসিক এই মাঠে টেস্ট খেলতে ফিরবে টাইগাররা। সেই ম্যাচের পরপরই নেপালের বিপক্ষে টি-টোয়েন্টিতে অংশ নেবে লিটন দাসের দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, ক্রিকেটের হোম অব ক্রিকেটখ্যাত লর্ডসে খেলা বাংলাদেশের জন্য বিশেষ উপলক্ষ। নেপালের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিতে পেরে তাঁরা আনন্দিত।
তামিমের মতে, ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে লর্ডসে ফেরার পর নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশের ক্রিকেটের জন্য আগামী গ্রীষ্মকে আরও স্মরণীয় করে তুলবে।
এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন জানান, সাম্প্রতিক বছরগুলোতে নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে এমসিসির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। নেপালে ক্রিকেটের জনপ্রিয়তা এবং দেশটির মানুষের জীবনে খেলাটির গুরুত্ব তাঁরা সরাসরি প্রত্যক্ষ করেছেন।
এমসিসির আয়োজনে নেপালের ইংল্যান্ড সফরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ছাড়াও আরও পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে।
সূচি অনুযায়ী, ১ জুন ওয়ার্মসলিতে স্কটল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ খেলবে নেপাল। এরপর ৩ জুন লর্ডসে বাংলাদেশের মুখোমুখি হবে দলটি।
৬ জুন ওয়ার্মসলিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি ৫০ ওভারের ম্যাচ খেলবে নেপাল। একই প্রতিপক্ষের বিপক্ষে ৯ জুন ওয়ার্মসলিতে এবং ১১ ও ১২ জুন বেকেনহামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দলটি।
বাংলাদেশ-নেপালের ঐতিহাসিক ম্যাচের শুরুর সময় এবং টিকিট বিক্রির বিস্তারিত পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে এমসিসি।














মন্তব্যসমূহ