মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টিপাত বাড়ানোর নতুন প্রযুক্তি উদ্ভাবনে বড় অঙ্কের অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত আবহাওয়া প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা খতিয়ে দেখতে সর্বোচ্চ পাঁচটি গবেষণা প্রকল্পে মোট ৩০ লাখ মার্কিন ডলার দেওয়া হবে।
আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজির (এনসিএম) অধীনে পরিচালিত ‘ইউএই রিসার্চ প্রোগ্রাম ফর রেইন এনহ্যান্সমেন্ট সায়েন্স’-এর সপ্তম অর্থায়ন চক্রে এই সহায়তা দেওয়া হবে।
নির্বাচিত গবেষক দলগুলো এক থেকে তিন বছর পর্যন্ত গবেষণার সুযোগ পাবে। এর আগে কর্মসূচিটির ছয়টি অর্থায়ন চক্রে মোট ১৭টি গবেষণা প্রকল্পে সহায়তা দেওয়া হয়েছে।
ড্রোন দিয়ে মেঘ শনাক্ত ও বৃষ্টিপাত বাড়ানোর গবেষণা
নতুন অর্থায়ন কর্মসূচিতে প্রচলিত ক্লাউড সিডিং পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ক্লাউড সিডিং হলো মেঘের মধ্যে বিশেষ ধরনের কণা ছড়িয়ে বৃষ্টিপাত বাড়ানোর একটি পদ্ধতি। সাধারণত উড়োজাহাজের মাধ্যমে উপযুক্ত মেঘে লবণের মতো আর্দ্রতাপ্রিয় উপাদান ছড়িয়ে দেওয়া হয়। এসব কণা মেঘের জলকণাগুলোকে বড় ফোঁটায় পরিণত হতে সহায়তা করতে পারে।
তবে এই পদ্ধতিতে বৃষ্টিপাত কতটা বাড়বে, তা নির্ভর করে মেঘের আর্দ্রতা, তাপমাত্রা ও বায়ুপ্রবাহসহ বিভিন্ন আবহাওয়াগত অবস্থার ওপর।
এবারের গবেষণায় এমন ড্রোন তৈরির প্রস্তাবকে উৎসাহ দেওয়া হচ্ছে, যেগুলো বৃষ্টিপাতের উপযোগী মেঘ শনাক্ত করতে পারবে। একই সঙ্গে বায়ুমণ্ডলের তথ্য সংগ্রহ এবং নির্দিষ্ট স্থানে বৃষ্টিবর্ধক উপাদান ছড়িয়ে দেওয়ার সক্ষমতাও থাকবে এসব ড্রোনের।
একাধিক চালকবিহীন উড়োজাহাজ একসঙ্গে পরিচালনার সম্ভাবনাও পরীক্ষা করা হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় আবহাওয়া বিশ্লেষণ
গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত কম্পিউটার মডেলের ব্যবহার।
এসব প্রযুক্তির মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস আরও নির্ভুল করা, বৃষ্টিপাতের উপযুক্ত পরিস্থিতি শনাক্ত এবং ক্লাউড সিডিংয়ের কার্যকারিতা মূল্যায়নের পরিকল্পনা রয়েছে।
এর আগে মেঘের বৈশিষ্ট্য বিশ্লেষণে এআই এবং ঝড়ের মেঘের ভেতরের কণার তথ্য সংগ্রহে রাডার প্রযুক্তি ব্যবহারের গবেষণায় সহায়তা দিয়েছে আমিরাত।
এবার মেঘে ছড়িয়ে দেওয়ার জন্য নতুন উপাদান নিয়েও গবেষণা হবে। বিশেষ করে গরম ও শুষ্ক আবহাওয়ায় কোন ধরনের কণা বেশি কার্যকর হতে পারে, তা পরীক্ষা করা হবে।
নতুন উপাদানের পরিবেশগত প্রভাব যাচাইয়ের পাশাপাশি ভূমির ব্যবহার, ভূপ্রকৃতি, স্থানীয় তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের আর্দ্রতা কীভাবে বৃষ্টিপাতকে প্রভাবিত করে, সেটিও গবেষণার আওতায় থাকবে।
এমনকি সাধারণত বৃষ্টিপাতের অনুকূল নয়, এমন পরিস্থিতিতে মেঘ তৈরির প্রক্রিয়াকে প্রভাবিত করার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।
কৃত্রিম বৃষ্টি কতটা কার্যকর?
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মতে, নির্দিষ্ট ধরনের মেঘে বৃষ্টিবর্ধক উপাদান ছড়িয়ে জলকণার আকার ও বণ্টনে পরিবর্তন আনা সম্ভব বলে বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে।
তবে এর ফলে প্রকৃতপক্ষে কতটা অতিরিক্ত বৃষ্টিপাত হয়, তা নির্ভরযোগ্যভাবে পরিমাপ করা এখনো কঠিন।
কোনো মেঘে বিশেষ উপাদান ছড়ানোর পর বৃষ্টি হলেই সেটি কৃত্রিম পদ্ধতির কারণে হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। কারণ প্রাকৃতিকভাবেও মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে।
এ সমস্যা সমাধানে ডব্লিউএমও নিয়ন্ত্রিত বৈজ্ঞানিক পরীক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। এতে ক্লাউড সিডিং করা মেঘের সঙ্গে একই ধরনের অন্য মেঘের তুলনা, বায়ুমণ্ডলের সরাসরি পরিমাপ, পরিসংখ্যানগত বিশ্লেষণ ও কম্পিউটার মডেলিং ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী, পার্বত্য অঞ্চলের নির্দিষ্ট ধরনের শীতল মেঘে বৃষ্টিপাত বৃদ্ধির তুলনামূলক শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়। তবে জটিল পরিচলনশীল মেঘের ক্ষেত্রে কার্যকারিতা প্রমাণ করা কঠিন।
পানির সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনা
আমিরাতে প্রাকৃতিক মিঠাপানির উৎস সীমিত। দেশটি পানির চাহিদা মেটাতে সমুদ্রের পানি লবণমুক্ত করার প্রযুক্তিসহ বিভিন্ন ব্যবস্থার ওপর নির্ভর করে।
এমন পরিস্থিতিতে ক্লাউড সিডিংকে পানির অতিরিক্ত উৎস হিসেবে আরও কার্যকর করে তোলার চেষ্টা চলছে।
তবে নতুন প্রযুক্তি বাস্তবে কতটা উপযোগী হবে, তা নির্ধারণে অতিরিক্ত বৃষ্টির পরিমাণ, বৃষ্টিপাতের স্থান এবং নিয়মিতভাবে ফল পাওয়ার সম্ভাবনা যাচাই করতে হবে।
গবেষণা কর্মসূচির পরিচালক এবং এনসিএমের ভারপ্রাপ্ত ক্লাউড সিডিং অপারেশন প্রধান ড. আহমদ আল কামালি বলেন, ‘আমাদের লক্ষ্য এমন গবেষণায় সহায়তা দেওয়া, যা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খুঁজবে, উদ্ভাবনী পদ্ধতি তুলে ধরবে এবং বাস্তবে প্রয়োগের সুস্পষ্ট পথ দেখাবে।’
আবেদন শুরু ৮ ডিসেম্বর
সপ্তম অর্থায়ন চক্রে গবেষণা প্রস্তাব গ্রহণ শুরু হবে আগামী ৮ ডিসেম্বর। প্রাথমিক প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ১২ মার্চ।
বাছাই শেষে ২০২৮ সালের জানুয়ারিতে নির্বাচিত গবেষণা প্রকল্পগুলোর নাম ঘোষণা করা হবে।
এক থেকে তিন বছর মেয়াদি এসব প্রকল্পে পরিমাপযোগ্য ফলাফল অর্জন এবং ভবিষ্যতে বাস্তব কার্যক্রমে প্রয়োগযোগ্য প্রযুক্তি উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সূত্র : খালিজ টাইমস














মন্তব্যসমূহ