সাইবার হামলার শিকার হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সম্ভাব্য ঝুঁকি আগে থেকেই শনাক্ত করে প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সরকারি তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে ডিজিটাল রূপান্তরের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। ব্যাংকিং সেবা, মোবাইল আর্থিক লেনদেন এবং ‘এক নাগরিক, এক পরিচয়, এক ওয়ালেট’ উদ্যোগসহ বিভিন্ন সেবা ক্রমেই প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। এতে নাগরিকদের সুযোগ-সুবিধা বাড়লেও সাইবার হামলার আশঙ্কা ও তথ্য সুরক্ষার চ্যালেঞ্জও তৈরি হচ্ছে।
এই পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি।
প্রথমত, গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর পরিকল্পনা ও নকশা তৈরির পর্যায় থেকেই নিরাপত্তাব্যবস্থা যুক্ত করতে হবে। অবকাঠামো নির্মাণের পর আলাদাভাবে সাইবার নিরাপত্তা যোগ করার পরিবর্তে শুরু থেকেই এটিকে অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।
দ্বিতীয়ত, নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সুরক্ষায় কার্যকর কাঠামো তৈরি এবং তা বাস্তবায়ন করতে হবে। তাঁর মতে, ডিজিটাল রাষ্ট্র গঠনের জন্য মানুষের তথ্য নিরাপদ রাখা এবং ডিজিটাল সেবার প্রতি আস্থা তৈরি করা অত্যন্ত জরুরি।
তৃতীয়ত, সাইবার নিরাপত্তাকে সরকারি ও প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, নীতিনির্ধারণ এবং বাজেট ব্যবস্থাপনার অংশ করতে হবে। এ জন্য প্রশিক্ষিত জনবল গড়ে তোলা, প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
মন্ত্রী আরও বলেন, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে কেবল হামলার পর প্রতিক্রিয়া দেখানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সম্ভাব্য হুমকি আগেভাগে শনাক্ত ও মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে এস্তোনিয়ার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সহযোগিতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, রাষ্ট্রের ভৌগোলিক সীমানা রক্ষার পাশাপাশি ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষাও এখন সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তাঁর মতে, দেশের ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা, নাগরিকদের তথ্য সুরক্ষা এবং তরুণ প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শক্তিশালী সাইবার নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের সঙ্গে সাইবার অপরাধের ঝুঁকিও বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের প্রযুক্তিগত সক্ষমতার সঙ্গে তাল মিলিয়ে প্রতিরোধব্যবস্থাও আধুনিক করতে হবে। এ জন্য তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সুযোগ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব নাহিদ সুলতানা মল্লিক।
এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স অ্যাকাডেমির প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের একজন প্রতিনিধি।
দুই দিনব্যাপী সেমিনারে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, বাংলাদেশের বিদ্যমান সাইবার ঝুঁকি, সরকারি নেটওয়ার্কের সুরক্ষা এবং সাইবার হামলা মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের কার্যক্রম, দুর্যোগের পর তথ্য ও সেবা পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো সুরক্ষার বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে।














মন্তব্যসমূহ