দেশের টেলিযোগাযোগ খাতের বিভিন্ন অপারেটরের কাছে জমে থাকা প্রায় ৪৮ কোটি ৬০ লাখ টাকা আদায়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা, ব্যান্ডউইথ সীমিতকরণ, আইনি ব্যবস্থা এবং লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্প্রতি কমিশনের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় রয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) এবং ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার (আইপিটিএসপি) খাতের বিভিন্ন প্রতিষ্ঠান।
কমিশনের নথি অনুযায়ী, সবচেয়ে বেশি বকেয়া রয়েছে আইপিটিএসপি অপারেটরদের কাছে। এই খাতে পাওনা ৩৪ কোটি ৬২ লাখ ৭ হাজার ৬৩৬ টাকা। অন্যদিকে আইআইজি অপারেটরদের কাছে প্রায় ৮ কোটি ৯৬ লাখ এবং দেশের একমাত্র এমএনপি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটেক বিডি লিমিটেডের কাছে ৫ কোটি ১ লাখ ৬৭ হাজার ৮১৮ টাকা পাওনা রয়েছে।
আইপিটিএসপি খাতে বকেয়া আদায়ে ইতোমধ্যে ১৮টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি। পাশাপাশি ডিজিটাল কানেক্টিভিটি লিমিটেডের কাছে ৮ কোটি ৭৯ লাখ টাকা এবং আইডিয়া নেটওয়ার্কস অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেডের কাছে ২১ কোটি ২১ লাখ টাকা আদায়ে সার্টিফিকেট মামলা করা হয়েছে।
বকেয়া থাকা সচল কয়েকটি প্রতিষ্ঠানের সেবা সীমিত করার সিদ্ধান্তও নিয়েছে কমিশন। এর মধ্যে আইসিসি কমিউনিকেশন, আইডিয়া টেক লিমিটেড, আমরা নেটওয়ার্কস লিমিটেড এবং সরকার কমিউনিকেশনের আইপিটিএসপি ব্যান্ডউইথ ৫০ শতাংশ কমানোর নির্দেশ রয়েছে।
অন্যদিকে আইআইজি খাতে নিরীক্ষার মাধ্যমে ২৬টি অপারেটরের বিরুদ্ধে বিল না করা ব্যান্ডউইথ ব্যবহারের জন্য ৯ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৩৪৪ টাকা পাওনা চিহ্নিত হয়েছে। এর মধ্যে প্রায় ৫১ লাখ ১৪ হাজার টাকা আদায় করা হয়েছে। অবশিষ্ট রয়েছে প্রায় ৮ কোটি ৯৬ লাখ টাকা।
কিছু প্রতিষ্ঠানকে বকেয়া পরিশোধের জন্য কিস্তির সুবিধাও দিয়েছে বিটিআরসি। সাইবারগেট লিমিটেডের বিরুদ্ধে ৩৮ লাখ ১৯ হাজার টাকা দাবির বিপরীতে পাঁচ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বাকি ৩৩ লাখ ১৯ হাজার টাকা বার্ষিক ১৫ শতাংশ বিলম্ব ফি সাপেক্ষে কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে।
একইভাবে আর্থ টেলিকমিউনিকেশন লিমিটেড ৯৬ লাখ ২৬ হাজার টাকার দাবির মধ্যে ২৫ লাখ টাকা পরিশোধ করেছে। বাকি ৭১ লাখ ২৬ হাজার টাকা কিস্তিতে পরিশোধের অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি। আর ২১ লাখ ১৩ হাজার টাকা বকেয়া থাকা পিরেস্ক নেটওয়ার্কস লিমিটেডকে আরও এক মাস সময় দেওয়া হয়েছে।
এ ছাড়া ম্যাঙ্গো টেলিসার্ভিসেস, আমরা টেকনোলজিস, ম্যাক্সনেট অনলাইন, ম্যাক্সহাব, ইন্ট্রাগ্লোব কমিউনিকেশন, ওয়ান এশিয়া অ্যালায়েন্স কমিউনিকেশন, বিডি লিংক কমিউনিকেশন, ইকুইটেল কমিউনিকেশন, রেডিয়েন্ট কমিউনিকেশন, রেগো কমিউনিকেশন ও প্ল্যানেট ইন্টারনেট গেটওয়ের কাছ থেকে বকেয়া আদায়ে আইনি প্রক্রিয়া অনুসরণের সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কাছে বিল না করা ব্যান্ডউইথ চার্জ বাবদ আরও ২ কোটি ৬৪ লাখ টাকা পাওনা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই অর্থ নিরীক্ষিত আইআইজি খাতের মোট পাওনার বাইরে কি না, তা নিশ্চিত হয়নি।
এদিকে এমএনপি সেবাদাতা ইনফোজিলিয়ন টেলিটেক বিডি লিমিটেডের কাছেও বড় অঙ্কের বকেয়া রয়েছে। রাজস্বের অংশ, বিলম্ব ফি, ভ্যাট এবং সার্ভিস অবলিগেশন ফান্ডের পাওনা মিলিয়ে প্রতিষ্ঠানটির কাছে ৫ কোটি ১ লাখ ৬৭ হাজার ৮১৮ টাকা দাবি করেছে কমিশন।
বকেয়া পরিশোধের জন্য আগে ১২টি মাসিক কিস্তির সুযোগ দেওয়া হলেও চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। এ কারণে এক লাখ টাকা জরিমানা করেছে বিটিআরসি। আগামী ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। একই সঙ্গে মূল পাওনা আদায়ের বিষয়টি কমিশনের লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে পাঠানো হয়েছে।
শুধু আর্থিক বকেয়া নয়, নিয়মিত তথ্য জমা না দেওয়া ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিটিআরসির স্বয়ংক্রিয় ডেটা ইনফরমেশন সিস্টেমে ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্যান্ডউইথ ব্যবহার, গ্রাহকসংখ্যা এবং নেটওয়ার্কের মানসংক্রান্ত তথ্য জমা না দেওয়ায় ১১৬টি আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
পরবর্তী সময়ে অপারেটরদের জবাব ও নিয়ম মেনে চলার অবস্থার ভিত্তিতে বিভিন্ন অঙ্কের জরিমানা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধিত অপারেটরদের ক্ষেত্রে জরিমানা ২ হাজার ৫০০ থেকে ৫০ হাজার টাকা এবং অন্যান্য অপারেটরের ক্ষেত্রে ৬ হাজার ৭৫০ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি নিয়ম না মানা প্রতিষ্ঠানগুলোকে ৩০ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন এবং প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে নির্দেশনা বাস্তবায়ন না করলে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হতে পারে।
এদিকে বেনাপোলে অনুমোদন ছাড়া টিসিএলএস পয়েন্ট অব প্রেজেন্স পরিচালনা এবং অবকাঠামো ভাগাভাগির অভিযোগে আর্থ টেলিকমিউনিকেশন লিমিটেডকে পৃথক জরিমানা করা হয়েছে। তবে কমিশনের কার্যবিবরণীতে জরিমানার অঙ্ক নিয়ে অসংগতি থাকায় সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া বিটিআরসির পূর্বানুমোদন ছাড়া ‘সাইক্লোন প্রকল্পের’ আওতায় তৃতীয় পক্ষের সঙ্গে প্ল্যাটফর্ম ও সেবাসংক্রান্ত চুক্তি করায় ফাইবার অ্যাট হোম লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ১০ কার্যদিবসের মধ্যে অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
টেলিযোগাযোগ খাতের বকেয়া রাজস্ব আদায়, লাইসেন্সের শর্ত বাস্তবায়ন এবং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর আর্থিক জবাবদিহি নিশ্চিত করতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কমিশনের নথিতে উল্লেখ রয়েছে।














মন্তব্যসমূহ