যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে তেজস্ক্রিয় উপাদানযুক্ত ‘ডার্টি বোমা’ অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করছে ইরান। নতুন মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে এমন দাবি করেছে সংবাদমাধ্যম সিএনএন।
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে সাতজন মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে ইরান সত্যিই এমন হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কি না কিংবা পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা রয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই মতপার্থক্য রয়েছে।
গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সূত্রগুলোর মতে, ইরান সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প প্রস্তুত রাখছে। তবে এসব তথ্য থেকে শিগগিরই হামলা হতে যাচ্ছে, এমন কোনো নিশ্চিত ইঙ্গিত পাওয়া যায়নি।
দুই মার্কিন কর্মকর্তার দাবি, গোয়েন্দা তথ্যে ওয়াশিংটনের নির্দিষ্ট স্থান ও সম্ভাব্য লক্ষ্যবস্তুর উল্লেখ রয়েছে। বিষয়টি সামনে আসার পর সম্ভাব্য হুমকি মোকাবিলায় জরুরি প্রস্তুতি ও আলোচনা শুরু করেছে মার্কিন নিরাপত্তা কর্তৃপক্ষ।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা এমন কিছু ইরানি যোগাযোগের তথ্যও পেয়েছেন, যেখানে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ আগে থেকেই রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এসব তথ্য কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ভিন্নমত রয়েছে।
এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস জানিয়েছেন, সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে মার্কিন প্রশাসন। তবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য কোনো হামলার হুমকি নেই বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে জাতিসংঘে ইরানের মিশন রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের পক্ষ থেকে এ ধরনের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ‘ডার্টি বোমা’ সাধারণ পারমাণবিক বোমার মতো নয়। এটি প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তৈরি একটি অস্ত্র। এর বিস্ফোরণে তেজস্ক্রিয় দূষণ ও জনমনে আতঙ্ক তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এমন গোয়েন্দা তথ্য সামনে এসেছে। তবে ইরানের বিরুদ্ধে উত্থাপিত সম্ভাব্য হামলার পরিকল্পনার অভিযোগ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
সিএনএনের অনুসন্ধানে উঠে আসা গোয়েন্দা তথ্য নিয়ে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো প্রস্তুতি নিলেও হামলা আসন্ন, এমন কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র : সিএনএন














মন্তব্যসমূহ