ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বাহিনীটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন জেলার মধ্যে সবচেয়ে বেশি ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে।
এসব এলাকার মধ্যে রয়েছে মিরপুর, সাভার, হেমায়েতপুর, আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া।
অন্যদিকে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় ১৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় এসব সদস্য মোতায়েন রয়েছেন।
এ ছাড়া নারায়ণগঞ্জে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
শুধু মাঠপর্যায়ে সদস্য মোতায়েন নয়, সার্বিক পরিস্থিতির ওপর প্রযুক্তিনির্ভর নজরদারিও চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
বাহিনীটির সদর দপ্তরের মনিটরিং সেল থেকে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছে।
এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় পরবর্তী কার্যক্রমও পরিচালনা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।














মন্তব্যসমূহ